মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতারের সঙ্গে জার্মানির উচ্চপর্যায়ের আলোচনা
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। বুধবার দোহায় জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ার এবং কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি এবং বাণিজ্য খাত রক্ষার জন্য উভয় পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়াও দ্বিপক্ষীয় অর্থনীতি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি স্থান পেয়েছে। আলজাজিরার বরাতে পাওয়া তথ্যানুযায়ী, সংঘাতপূর্ণ এলাকায় উত্তেজনা কমানোর জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণই এই বৈঠকের অন্যতম মূল লক্ষ্য ছিল।

