জ্যাকসন হাইটসে ৩ কোটি ৩৮ লাখ ডলারে হবে কমিউনিটি
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ কমিউনিটি সেন্টার ও সর্বসাধারণের ব্যবহারের উপযোগী সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় দীর্ঘ কয়েক দশক ধরে বিনোদন ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে একটি কমিউনিটি সেন্টারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সেই দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় মাইলফলক হিসেবে গত ১৪ অক্টোবর বুধবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক কোটি ডলারের বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছেন। এই অনুদান ঘোষণার ফলে প্রকল্পটির জন্য প্রয়োজনীয় মোট ৩ কোটি ৩৮ লাখ ডলারের তহবিল বর্তমানে নিশ্চিত হয়েছে।
জ্যাকসন হাইটসের ৭০-০২, ৩৪ অ্যাভিনিউয়ে অবস্থিত সাবেক ‘বিকিউই বিলিয়ার্ডস অ্যান্ড বার’-এর জায়গায় এই কেন্দ্রটি গড়ে তোলা হবে। প্রায় ৩০ হাজার বর্গফুট আয়তনের এই স্থাপনাটির নির্মাণের দায়িত্ব পেয়েছে ‘ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব কুইন্স’। প্রকল্পের অর্থায়ন নিশ্চিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান জানিয়েছেন যে, এই এলাকায় এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত প্রকট। তবে তিনি সতর্ক করে আরও বলেন, প্রকল্পটির পূর্ণাঙ্গ কাজ শেষ করতে সব মিলিয়ে প্রায় ছয় কোটি ডলারের প্রয়োজন হতে পারে।
প্রকল্পটির অর্থায়নে বিভিন্ন উৎস থেকে সহযোগিতা এসেছে। এর মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিল দিচ্ছে ৯৩ লাখ ডলার। পাশাপাশি ফেডারেল পর্যায়ে সিনেটর চাক শুমার ও কার্স্টেন জিলিব্র্যান্ডের প্রচেষ্টায় ২০ লাখ ডলার এবং কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের মাধ্যমে ১০ লাখ ডলার বরাদ্দ পাওয়া যাচ্ছে। এছাড়া স্টেট অ্যাসেম্বলি সদস্য জেসিকা গঞ্জালেস-রোহাস, স্টিভেন রাগা এবং ক্যাটালিনা ক্রুজের উদ্যোগের মাধ্যমে আরও ১৫ লাখ ডলার এই তহবিলে যুক্ত হচ্ছে।
জ্যাকসন হাইটসের পিএস ৩৯৮ স্কুলে আয়োজিত অনুদান ঘোষণা অনুষ্ঠানে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিটি কংগ্রেস সদস্য গ্রেস মেং, নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন, কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান এবং ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্ন উপস্থিত থেকে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

