অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

অর্থপাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ তাকে হেফাজতে নেয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলার ভিত্তিতে এবং তাদের অনুরোধেই সন্ধ্যা ৬টার দিকে বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সিআইডির করা মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ড বৈধভাবে আমদানির পাশাপাশি স্থানীয় বাজার থেকেও বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা সংগ্রহ করে। এই ব্যবসার আড়ালে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।

ব্যবসা সংক্রান্ত অনিয়ম ও পাচারের অভিযোগ ছাড়াও দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে পূর্বেও একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তাকে তৎকালীন র‌্যাব গ্রেপ্তার করে। পরবর্তীকালে জুলাই আন্দোলন চলাকালে ঢাকার বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *