আনোয়ারায় তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গঠন হলো আর্ন প্রকল্পের কমিটি
আনোয়ারা উপজেলায় তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ‘অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও কর্মক্ষম তরুণদের স্থিতিস্থাপকতা’ বা আর্ন প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা), উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেনের যৌথ সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউএনও মো. মহিন উদ্দিন। তিনি বলেন, কিশোর-কিশোরী ও তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সমন্বয় কমিটির সদস্যরা প্রকল্পের কার্যক্রমগুলো যাচাই-বাছাই ও অনুমোদন করলে ভবিষ্যতে তরুণরা এর সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন, সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্ত এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এছাড়া আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মো. মুসা খান, মাস্টার আশরাফ আলী, সাংবাদিক কাঞ্চন সুশীল এবং সামসেড বাংলাদেশের ব্যবস্থাপক পারিজাত চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি তাবাবসুম জাহান, সাবিহা নাসরিন, মো. মোজাহেরুল আলম এবং বিটার উপজেলা ব্যবস্থাপক সুমন সেন সভায় অংশ নেন। সভার শেষ পর্যায়ে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সমন্বয় কমিটির দায়িত্ব এবং কাজের পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই প্রকল্পের কার্যক্রমগুলো সাজানো হয়েছে বলে সভায় জানানো হয়।

