ইরানে জিবিইউ-৪৩ বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত এই মারণাস্ত্রটি ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার মা’ নামেও পরিচিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইরানে নতুন করে সামরিক হামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সামরিক পরিকল্পনার অংশ হিসেবে নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বিকল্প রাখা হয়, যার মধ্যে এই শক্তিশালী বোমার ব্যবহার অন্যতম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য এমন বিশাল বোমার প্রয়োজনীয়তা রয়েছে।
তবে খোদ মার্কিন বাহিনীর ভেতরেই এই বোমাটির কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে জিবিইউ-৪৩/বি বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলেও, এটি ইরানের পিকাক্স পর্বতের ভেতরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পর্যাপ্ত কি না—তা নিয়ে বিতর্ক রয়েছে। আল আরাবিয়ার তথ্য অনুযায়ী, পারমাণবিক ও অন্যান্য সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনার বিরুদ্ধে এই বোমার সফলতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

