কাতারের সানাইয়া লজিস্টিক ভিলেজে নতুন ওয়্যারহাউস উদ্বোধন
কাতারের ব্যবসায়িক পরিমণ্ডলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় কাতারের অন্যতম শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে একটি নতুন ওয়্যারহাউস উদ্বোধন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন সোহেল। তিনি এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশের স্বত্বাধিকারী হিসেবে বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছেন। নতুন এই অবকাঠামোটি তাঁর ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার পথ প্রশস্ত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিআইপি মাইন উদ্দিন সোহেল উপস্থিত সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল এবং আরিয়ান ভূঁইয়া। এছাড়া কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে মাইন উদ্দিন সোহেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তিনি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হন। কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য।
অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ও মতবিনিময় সভায় অংশ নেন মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব। উল্লেখ্য যে, মাইন উদ্দিন সোহেল মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে উন্নতমানের ফলমূল এবং শাকসবজি আমদানি করে কাতারের হাইপার মার্কেট ও সুপার মার্কেটগুলোতে সরবরাহ করেন। কঠোর পরিশ্রম, দূরদর্শী ব্যবসায়িক পরিকল্পনা এবং অদম্য মনোবলের সংমিশ্রণে তাঁর এই যাত্রা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীদের প্রত্যাশা, মাইন উদ্দিন সোহেলের এই অগ্রযাত্রা আগামী দিনগুলোতে আরও বৃহত্তর সাফল্য অর্জন করবে।

