কাবা শরীফের ভাইরাল ভিডিও নিয়ে বার্তা দিল সৌদি কর্তৃপক্ষ
পবিত্র মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, কাবা শরীফের হাজরে আসওয়াতের কাছে এক ব্যক্তি এক নারীর মাথায় ধাক্কা দিচ্ছেন। প্রচার করা হচ্ছিল যে, ওই দুজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি প্রবাসী।
তবে সামাজিকমাধ্যমের এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষ। গত ২০ অক্টোবর (মঙ্গলবার) তাদের নিজস্ব এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানানো হয়, যে দাবি নিয়ে ভিডিওটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে এই চিত্র কোনোভাবেই তাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রমাণ বহন করে না। তবে এই তথ্য মিথ্যা জানিয়ে সৌদির দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) একটি পোস্ট করা হয়েছে। তবে এর বেশি কোনো তথ্য তারা জানায়নি।
এর আগে গত ১৪ অক্টোবর দুই প্রবাসী বাংলাদেশি নজরুল ইসলাম ও সিঁথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতির মাধ্যমে তারা জানায়, পবিত্র মসজিদের অভ্যন্তরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে। এতে বলা হয়, নজরুল ইসলাম ও সিঁথি আক্তার নামে দুজনের দণ্ড কার্যকর করা হয়েছে মসজিদের ভেতর ‘অনৈতিক’ কাজ করার জন্য।
তবে সরকারের পক্ষ থেকে ওই ঘটনায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে ঠিক কোন জায়গা থেকে এবং কবে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্যও সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

