চকরিয়ায় সড়ক দখল মুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। দীর্ঘ দিন ধরে রাস্তা দখল করে এসব দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ নিরসনে উপজেলা ও পৌর প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়কের ওপর থাকা দুই শতাধিক অবৈধ দোকান অপসারণ করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, চকরিয়া পৌরসভার সচিব ডা. লোকমান এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
পৌরসভা সূত্রে জানা যায়, শহরের প্রধান প্রধান সড়ক দখল করে ব্যবসা চলায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল। জনস্বার্থ বিবেচনায় নিয়ে সড়ক সচল রাখতে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। উচ্ছেদ অভিযান শেষে ইউএনও এবং পৌর প্রশাসক শাহীন দেলোয়ার জানান, সড়ক দখলমুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত ও রাস্তা দখল করে নতুন করে যাতে কোনো দোকান বসানো না হয়, সে বিষয়ে সংশ্লেষীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর পরও কেউ আইন অমান্য করে রাস্তা দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

