চুয়েট ছাড়লেন নতুন উপাচার্য, ফেরার শর্তে অবরুদ্ধমুক্ত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাঁকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করা হয়। এরপর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আগে থেকেই আন্দোলন করছিলেন। এর মধ্যেই সোমবার সকাল পৌনে ৯টার দিকে অধ্যাপক শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তিনি বহিরাগতদের সাথে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এই ঘটনার পর ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা তাঁর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরদার করেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সোমবার (১২ অক্টোবর) সকালে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে যান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আল।
নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাঁকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনিক ভবনের নিচে তাঁকে নামিয়ে আনা হলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়। এক শিক্ষার্থী মাইক হাতে ঘোষণা করেন, শুধুমাত্র এই শর্তেই তাঁকে ক্যাম্পাস থেকে বের হতে দেওয়া হবে যে, তিনি আর কখনোই চুয়েট ক্যাম্পাসে ফিরে আসবেন না।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে এই ঘোষণার সময় শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় এবং এরপরই তিনি ক্যাম্পাস ছেড়ে যান।

