ন্যাটোকে পরীক্ষা করতেই ইরানের বিরুদ্ধে সহায়তা চেয়েছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর কাছে তিনি যে সহায়তা চেয়েছিলেন, তা আসলে এই সামরিক জোটের কার্যকারিতা যাচাই করার একটি কৌশল ছিল।
তার ভাষ্যমতে, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাটোর সহায়তার কোনো প্রয়োজন ছিল না। ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে, তাই এই জোটটি সংকটকালে কীভাবে সাড়া দেয়, তা দেখতেই মূলত তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে উল্লেখ করেন।
সমাবেশে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন, ইরানের নৌবাহিনী বর্তমানে ধ্বংস হয়ে গেছে এবং তাদের সব নৌযান এখন সমুদ্রের তলদেশে রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের বিমানবাহিনী নিয়েও কথা বলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, দেশটিতে বর্তমানে ২২৯টি যুদ্ধবিমান বিভিন্ন রানওয়েতে অকেজো অবস্থায় পড়ে আছে।
ইরানের বর্তমান নেতৃত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশটির প্রথম ও দ্বিতীয় সারির সব নেতা এখন আর ক্ষমতায় নেই এবং তৃতীয় সারির নেতাদের অর্ধেকেরও বেশি নেই। এমন পরিস্থিতিতে কার সঙ্গে আলোচনা করবেন, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। তবে ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব নিয়ে ট্রাম্প যেসব দাবি করেছেন, তার সপক্ষে তিনি কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ সমাবেশে তুলে ধরেননি। তবে ন্যাটোকে পরীক্ষা করার বিষয়ে এর বেশি বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

