মাহবুবুল খালিদের কথায় আসিফের কণ্ঠে নতুন রোমান্টিক গান

বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার কণ্ঠ দিলেন বিশিষ্ট গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা নতুন একটি রোমান্টিক গানে। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের এই গানটিতে প্রেম ও মুগ্ধতার অনন্য এক আবহ ফুটিয়ে তোলা হয়েছে। লোকজ সুর ও শব্দের চমৎকার মিশেলে তৈরি এই গানে এক প্রেমিকের মনের আকুলতা ফুটে উঠেছে। গানটির কয়েকটি লাইনে বলা হয়েছে, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিছ তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’ লোকজ শব্দের সুনিপুণ বুননে তৈরি গানটিতে প্রিয় মানুষের সৌন্দর্যে বিমোহিত এক প্রেমিকের আকুল অনুভূতি প্রকাশ পেয়েছে। প্রেম-ভালোবাসার পাশাপাশি মাহবুবুল খালিদের গানে বারবার উঠে এসেছে সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও আলোচিত বাস্তব চিত্র।

গানটির অডিও ইতিমধ্যেই শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ‘খালিদ সংগীত’ নামক ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে এটি শোনা যাচ্ছে। খুব শীঘ্রই ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গানটির একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও প্রকাশিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, সংগীত ও সাহিত্যাঙ্গনে মাহবুবুল খালিদ নিয়মিত কাজ করে যাচ্ছেন। ‘খালিদ সংগীত’ ব্যানারে এ পর্যন্ত তাঁর পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে, যেখানে দেশের প্রথম সারির শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।

কেবল রোমান্টিক গানেই নয়, সমাজ সচেতনতা ও মানবিক সংকটেও তিনি সরব। আদুরি, ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ কিংবা সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ‘রামিসার বিচার’ শিরোনামে তাঁর গানগুলো মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। এছাড়া রোহিঙ্গা ও ফিলিস্তিন সংকটের মতো আন্তর্জাতিক মানবিক ইস্যুতেও তিনি সোচ্চার থেকেছেন। তাঁর প্রতিটি সৃজনশীল কাজ প্রতিবাদ ও মানবিক বার্তা বহন করে। এই বহুমুখী ধারার অংশ হিসেবেই আসিফ আকবরের কণ্ঠে রোমান্টিক গানটি যুক্ত হলো, যা শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁর প্রতিটি সৃষ্টিতেই মানবতা, প্রতিবাদ ও সচেতনতার শক্তিশালী বার্তা বিদ্যমান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *