মোহনগঞ্জে তৃতীয় দফায় পুকুরে বিষ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার খুরশিমুল গ্রামে ফের মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বিমল চন্দ্র সরকার (৫৩) দীর্ঘ সময় ধরে নিজ বসতবাড়ির পাশের পুকুরে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার মোহনগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী, গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখতে পান, সব মাছ মরে ভেসে উঠেছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
ভুক্তভোগীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তৃতীয়বারের মতো তার পুকুরে বিষ প্রয়োগ করা হলো। এর আগে গত ২৬ আগস্ট একই কায়দায় ৩ লাখ টাকার মাছ এবং ২৪ সেপ্টেম্বর আরও ৫০ হাজার টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়। ধারাবাহিক এই অপকর্মে দিশেহারা হয়ে পড়েছেন ওই মৎস্য চাষি। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, এলাকায় পুকুর বা বিলে বিষ দিয়ে মাছ মারার ঘটনা এখন অনেকটা স্বাভাবিক হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মাছ চাষিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি জানিয়েছেন। এতে সাধারণ মাছ চাষিরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় প্রশাসনের উচিত এ চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করা।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, তারা অভিযোগ হাতে পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছুদিন পরপরই এ ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

