হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ৭ জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে গত বৃহস্পতিবার এক রাতে সাতটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইরান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই জাহাজগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে এবং ওয়াশিংটনের উৎসাহেই এগুলো ওই প্রণালি দিয়ে চলাচল করছিল। মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মাঝে এই ঘটনা আঞ্চলিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, আক্রান্ত সাতটি জাহাজের মধ্যে চারটি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাকি তিনটি জাহাজ নৌ-মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ইরান তাদের নতুন সামরিক কৌশলের কঠোর প্রয়োগের ইঙ্গিত দিল।

সম্প্রতি আইআরজিসি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসন মোকাবিলায় নতুন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে। এই নতুন নীতি অনুযায়ী, ইরানের ওপর কোনো ধরনের সামুদ্রিক অবরোধ আরোপ করা হলে তাকে যুদ্ধের শামিল বলে গণ্য করা হবে। অর্থাৎ, ইরান এখন কেবল সরাসরি হামলার অপেক্ষায় বসে না থেকে হরমুজ প্রণালিতে চলাচলকারী এমন জাহাজগুলোতেও আঘাত হানার হুঁশিয়ারি দিচ্ছে, যেগুলোকে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে সহায়তা বা উৎসাহ প্রদান করছে।

এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা প্রকাশ করেছে। ইরানও সম্ভাব্য যেকোনো সংঘাতের প্রস্তুতির কথা জানিয়ে বলেছে, যেকোনো হামলার সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। আগামী দিনে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের সময় ইরান তাদের এই হুমকি কতটুকু কার্যকর রাখে, সেটাই এখন দেখার বিষয়। এর আগে হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুটি জাহাজে আগুন লাগার ঘটনাও ঘটেছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *