শেখ হাসিনার মতো বিএনপিকেও ভূতে ধরেছে: মামুনুল হক
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যে ভূত সক্রিয় ছিল, বর্তমানে বিএনপিকেও সেই একই ভূত পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, কায়েমি স্বার্থবাদী মহল কখনো তরুণ প্রজন্মের জেগে ওঠাকে মেনে নিতে চায় না।
বর্তমান রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে মামুনুল হক বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার আমূল পরিবর্তন না আনলে ক্ষমতায় যাওয়া যে কোনো দলই শেখ হাসিনার মতো একনায়কে পরিণত হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার থাকলেও বিএনপি তাতে বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত রাখার যে পুরনো প্রবণতা, তাতেই দলটি আটকে আছে বলে তিনি মতপ্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমান। এতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

