কাতারে ১২ বছরে পা রাখল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

প্রবাসের ব্যস্ততার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব উদযাপন করেছে তাদের ১২তম বর্ষে পদার্পণের মুহূর্ত। রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশিকুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সি এম হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও জিটিভির সিইও ইকবাল করিম নিশানসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি ছাড়াও রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমন বক্তব্য রাখেন। বক্তারা প্রবাসে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে প্রবাসীদের কল্যাণে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

উৎসবের শেষভাগে ছিল সাংস্কৃতিক আয়োজন, যেখানে জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়ন গান পরিবেশন করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *