আমরা সবাই বাংলাদেশি, কেউ সংখ্যালঘু নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং একে অপরের ভাই। আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলেমিশে এই দেশ গঠনে কাজ করতে চাই। হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবে তারেক রহমানের পক্ষ থেকে সংহতি জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালের দিকে তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরবর্তীতে দুপুর ১টার দিকে পৌর এলাকার মধ্যবাজার ও দুর্গাবাড়ী পূজামণ্ডপে উপস্থিত হয়ে তিনি ভক্ত ও দর্শনার্থীদের খোঁজখবর নেন।

দুর্গাবাড়ী পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদস্য সমীরণ দেবনাথ। সেখানে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খাঁন শহীদ, যুগ্ম-আহ্বায়ক তানজিন চৌধুরী লিলি, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিস এবং উত্তর জেলা যুবদল নেতা মো. মাহফুজুর রহমানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *