অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
শারীরিক অসুস্থতার কারণে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তশূন্যতা জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ভূমিমন্ত্রীর অসুস্থতার সংবাদ শোনার পর তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও কর্মকর্তারা। হাসপাতালে তাকে দেখতে আসা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা। এছাড়াও রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ বেশ কয়েকজন চিকিৎসক তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

