চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’
চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অংকুরের লক্ষ্য ও প্রেক্ষাপট
আয়োজকরা জানান, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সুষম বিকাশের লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে জ্ঞান, কর্ম, সৃজন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এই আয়োজন করে আসছে অংকুর।
প্রধান উপদেষ্টার বক্তব্য
অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা মাইনুনুল ইসলাম মামুন বলেন, মেধা, চরিত্র ও সৃজনশীলতার অবমূল্যায়নের এই সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং চরিত্রের উন্নতি সাধনের লক্ষ্যেই এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

