চুয়াডাঙ্গায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক দবির উদ্দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার মৃত দলিল মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিশেষ টহল দল মুন্সিপুর সীমান্ত এলাকার একটি কবরস্থানের পাশে অবস্থান নেয়। সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দবির উদ্দিনকে তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত এই স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে এগুলো নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ৬ বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। পাচারের অভিযোগে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।

