ঢাকায় গ্রেপ্তার পাবনার তিন শীর্ষ আওয়ামী লীগ নেতা

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। সোমবার রাতে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি’র মোহাম্মদপুর থানার ওসি মো. হালিমুর রহমান বাবুর বরাতে ঈশ্বরদী থানার ওসি জানান, আত্মগোপনে থাকা অবস্থায় তারা মোবাইল ফোনের মাধ্যমে দলীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং নিজ নিজ এলাকায় দলীয় প্রভাব ও কার্যক্রম পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত এই তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় জামিন লাভের পর থেকেই আত্মগোপনে ছিলেন। অপরদিকে মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ৫ আগস্টের পর থেকেই পুলিশের নজর এড়িয়ে পলাতক জীবন যাপন করছিলেন।

এদিকে, এই তিন নেতার গ্রেপ্তারের খবর পাবনার রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *