তামিলনাড়ুর জেল থেকে পালিয়েছেন ১৭ বন্দি, চারজন গ্রেপ্তার

সোমবার রাতে তামিলনাড়ুর থেনি জেলার থেক্কামপট্টি সংশোধনাগারে এক বড় ধরনের নিরাপত্তা বিচ্যুতির ঘটনা ঘটেছে। ২৬ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আদিনপট্টির (অ্যান্ডিপট্টি) কাছে অবস্থিত ওই সংশোধনাগারে ১৭ জন বিচারাধীন আসামি একসঙ্গে পালিয়ে যায়। ঘটনার সূত্রপাত হয় যখন ওই বন্দিরা অসুস্থতার নাটক করে। তাদের মধ্যে একজনের মৃগীরোগের খিঁচুনি উঠেছে বলে চিৎকার শুরু হলে তিনজন জেলকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্ষের দরজা খুলে ভেতরে ঢোকেন। এ সময় বন্দিরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং প্রধান ফটক দিয়ে বেরিয়ে যায়। একই কক্ষে বন্দি ছিলেন ১৭ জন বিচারাধীন আসামি।

এই অতর্কিত হামলায় জেলকর্মী থাঙ্গাপান্ডি মাথায় গুরুতর আঘাত পান, তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুজন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে থেনির পুলিশ সুপার প্রভীন গৌতমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশোধনাগারটি পরিদর্শন করেন। পলাতকদের ধরতে দক্ষিণাঞ্চলের পুলিশ বিভাগের আইজি বিজয়েন্দ্র বিদারি ১৭টি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযানে শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি স্নিফার ডগ ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। এর পরই শতাধিক পুলিশকর্মী অভিযানে নামেন এবং আশপাশের জঙ্গলে চিরুনি অভিযান শুরু হয়।

মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশের চিরুনি অভিযানে জেলের পার্শ্ববর্তী জঙ্গল এলাকা থেকে প্রভীন, শিলাম্বরাসন, রাজকুমার ও রাজা সিকান্দর নামের চার বন্দিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পলাতক বাকি ১৩ জনকে খুঁজে বের করতে থেনি, মাদুরাই ও দিন্দিগুল জেলায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া কেরালার ইদুক্কি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাকি ১৩ জনের খোঁজে একাধিক দল তল্লাশি চালাচ্ছে। কেরালার ইদুক্কি সীমান্তেও বাড়ানো হয়েছে কড়া নজরদারি।

তামিলনাড়ুর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এর আগে ১৯৯৫ সালে ভেলোর দুর্গের বিশেষ বন্দিশিবির থেকে সুড়ঙ্গ খুঁড়ে ৪৩ জন এলটিটিই সন্দেহভাজন সদস্য পালিয়েছিল। দীর্ঘ তিন দশক পর একসঙ্গে এতজন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় জেলখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশ প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং পলাতকদের দ্রুত আটকের জন্য সব ধরনের প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *