দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। এর মধ্যে ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১০৩ শিশু এবং পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া ১০৪ শিশু প্রাণ হারিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৫ জন শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

