মাটি ছেড়ে আকাশে উড়বে টেসলার নতুন রোডস্টার
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বাজারে আনছে এক অভাবনীয় প্রযুক্তির নতুন রোডস্টার। এই গাড়িটি কেবল তার তীব্র গতির জন্যই নয়, বরং মাটি ছেড়ে আকাশে ভাসার সক্ষমতার কারণেও প্রযুক্তিমহলে সাড়া ফেলেছে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৩০ মাইলের চেয়েও বেশি। আর স্থির অবস্থা থেকে মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে এটি ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সক্ষম।
রোডস্টারকে শূন্যে ওড়ানোর পেছনে কাজ করবে স্পেসএক্সের আদলে তৈরি কোল্ড-গ্যাস থ্রাস্টার প্রযুক্তি। গাড়িটির বিশেষ এই রকেট সংস্করণে মোট ১০টি থ্রাস্টার যুক্ত থাকবে, যা বৈদ্যুতিক মোটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। গাড়ির ভেতর কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল বা সিওপিভি প্রযুক্তির বিশেষ ট্যাংকে অত্যন্ত উচ্চচাপে বাতাস জমা রাখা হয়। জ্বালানি না পুড়িয়ে এই বাতাস প্রচণ্ড বেগে বের করে বিপরীতমুখী বল তৈরির মাধ্যমে গাড়িটিকে মাটি থেকে ওপরে তোলা হয়। সাধারণ যাত্রী আসনের জায়গায় বিশেষ এই সংস্করণে ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক থাকবে। থ্রাস্টার খোলা ও বন্ধ করার জন্য ব্যবহার করা হবে বৈদ্যুতিক মোটর।
ইলন মাস্ক জানিয়েছেন, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে তার বাতাসের ট্যাংকগুলো পুনরায় পূর্ণ করতে পারবে। এটি আকাশে ডিগবাজি খাওয়াসহ বিভিন্ন জটিল কসরত দেখাতেও সক্ষম। সম্প্রতি এক প্রদর্শনীতে চালকবিহীন অবস্থায় গাড়িটিকে লাফ দেওয়া, বাতাসে ভারসাম্য রক্ষা করা এবং সারিবদ্ধ গাড়ির ওপর দিয়ে নিরাপদে অবতরণ করতে দেখা গেছে। তবে থ্রাস্টারের সাহায্যে গাড়িটি দীর্ঘ সময় আকাশে উড়তে পারবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
শহরের যানজট নিরসনে বা দৈনন্দিন যাতায়াতে এই প্রযুক্তি কতটা কার্যকর ও নিরাপদ হবে, সেটিই এখন বড় প্রশ্ন। আপাতত সর্বসাধারণের জন্য নয়, বরং সীমিত পরিসরে আমন্ত্রণের ভিত্তিতেই এই বিশেষ সংস্করণের রোডস্টার কেনা যাবে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্ভাবনটি বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]।

