১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর অংশ হিসেবে ১৯৫ সদস্যের একটি পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির সদস্য ও পদবিগুলোর তালিকা প্রকাশ করা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজনৈতিক পর্ষদ, সম্পাদকীয় বিভাগ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক ও সাধারণ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে রাখা হয়েছে। এছাড়া নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলের ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহর পাশাপাশি রয়েছেন সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাসহ আরও কয়েকজন দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে আলাউদ্দীন মোহাম্মদ, এসএম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্য রয়েছেন।
সাংগঠনিক কাজের সুবিধার্থে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ এবং যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় বিভাগ রাখা হয়েছে। বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা উত্তর অংশে সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম দক্ষিণ অংশে এ এস এম সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন এবং চট্টগ্রাম উত্তর অংশে নাভিদ নওরোজ শাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় নেতাদের ভাষ্যমতে, সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগ থেকেই তারা সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন এবং নির্বাচনের পরও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। মূল লক্ষ্য হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও গতিশীল করা এবং তৃণমূলের সাথে দলীয় সমন্বয় জোরদার করা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিল সামনে রেখে এই পুনর্গঠন সাংগঠনিক প্রস্তুতিকে আরও বেগবান করবে বলে জানিয়েছেন তারা।

