মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে চীন থেকে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিক তৈরির কাঁচামাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে এসব কাঁচামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ মো. সিদ্দিক হোসেন (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিদ্দিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।

জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান (যশোর-ট-১১-৪৬১১) থামানোর সংকেত দিলে ৫-৬ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ৭০২ বস্তা প্লাস্টিকের কাঁচামাল উদ্ধার করা হয়। আটককৃত সিদ্দিক হোসেন উদ্ধার হওয়া পণ্যের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, শুল্ক ফাঁকি দিয়ে পণ্যগুলো অবৈধ পথে আনা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সিদ্দিক হোসেন ও পলাতক অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *