রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অত্যাধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু
পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম (এপিসিএস) বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সফলভাবে শেষ হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে চালু হয়েছে আধুনিক অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ ধরনের প্রযুক্তি ব্যবহারের নজির সৃষ্টি হলো। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অগ্রগতির বিষয়টি জানানো হয়।
প্রকল্প সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) কর্তৃক সরবরাহকৃত এপিসিএস ব্যবস্থাটি ৪৩টি পৃথক সিস্টেমের সমন্বয়ে গঠিত, যাতে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতা রক্ষা এবং বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এটি কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে তুলবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, ওআইএসএস মূলত এই নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে আরএএসইউ এটি উদ্ভাবন করেছে। বর্তমানে প্রথম ইউনিটে এটি সংযুক্ত করা হয়েছে এবং কেন্দ্র চালুর প্রস্তুতিমূলক কার্যক্রমে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে দ্বিতীয় ইউনিটেও এই আধুনিক প্রযুক্তি বাস্তবায়ন করা হবে। সূত্র বলছে, ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে যেকোনো ধরনের সম্ভাব্য বিচ্যুতি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। এছাড়া জরুরি পরিস্থিতিতে অপারেটরদের করণীয় সম্পর্কে পরামর্শ দিতে এতে ৮০টিরও বেশি নির্দেশিকা সংরক্ষিত রয়েছে, যা নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ এই অর্জনকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, নতুন এ ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে এবং পরিচালন ব্যয় হ্রাস করবে। জেনারেশন ৩+ প্রযুক্তির ভিভিইআর-১২০০ চুল্লি দ্বারা নির্মিত হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র, যার নির্মাণকাজ তদারকি করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রূপপুর প্রকল্প এখন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করছে।

