কাতারের আমিরের কাছ থেকে বোয়িং বিমান উপহার পেলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার সরকারি বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এর জন্য সাময়িকভাবে একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চাইতে গিয়ে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছ থেকে উপহার হিসেবে একটি বিমান পেয়েছেন। স্থানীয় সময় গত ১৪ অক্টোবর অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় তিনি এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।
জনসভায় ট্রাম্প বলেন, বর্তমান প্রেসিডেন্টদের ব্যবহারের বিমানগুলো প্রায় ৩৫ বছরের পুরোনো হয়ে গেছে। এই সংকট সমাধানে তিনি কাতারের আমিরকে ফোন করেছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে, তিনি শেখ তামিমের কাছে বিমানটি কিছুদিনের জন্য ধার চেয়েছিলেন, যাতে নতুন বিমান প্রস্তুত না হওয়া পর্যন্ত সেটিকে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহার করা যায়। ট্রাম্প কাতারের আমিরকে অত্যন্ত সম্মানিত, দারুণ মানুষ এবং বিত্তবান হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করেছিলেন যেন বিমানটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়। কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।’।
তবে ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিমানটি ধার দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। বরং তিনি বিমানটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ট্রাম্প সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, শেখ তামিম তাকে আশ্বস্ত করে বলেছেন যে, বন্ধু হিসেবে তিনি বিমানটি ধার দিতে রাজি নন, বরং তিনি চান যুক্তরাষ্ট্র এটি উপহার হিসেবে গ্রহণ করুক। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বললাম, তামিম, যদি সম্ভব হয়, তবে যুক্তরাষ্ট্র ও আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমি কি আপনার ৭৪৭ বিমানটি কিছু দিনের জন্য ধার নিতে পারি।
ট্রাম্প এই উপহার গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন। মার্কিন বিমান বাহিনী উপহার পাওয়া এই বোয়িং বিমানটির নাম দিয়েছে ‘ভিসি-২৫বি’। ট্রাম্প জানান, ২০২৮ সালে নতুন দুটি বোয়িং বিমান মার্কিন প্রেসিডেন্টদের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন সেই বিমান না আসা পর্যন্ত কাতারের দেওয়া এই বোয়িং ৭৪৭ বিমানটিই ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।
জনসভায় এই বিষয়টি তুলে ধরে ট্রাম্প রসিকতা করে বলেন, কেউ যখন আপনাকে একটি ৭৪৭ বিমান উপহার দেয়, তখন কেবল দুটি শব্দই অবশিষ্ট থাকে—‘আপনাকে ধন্যবাদ।’ তিনি আরও বলেন, উপহার পেলে তা গ্রহণ করাই তো স্বাভাবিক প্রক্রিয়া।

