জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাপানের স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেবিআইসি-এর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান সহজীকরণ ও যুগোপযোগী করার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে, জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসি-এর নিজস্ব একটি কার্যালয় স্থাপনের অনুরোধ জানান। গভর্নরের পক্ষ থেকে এ প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন।

