পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: স্বামী পুলিশি হেফাজতে
চট্টগ্রামের পটিয়ায় তানিয়া কামাল নিহাত নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) রাত ৪টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে স্বামী নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। তানিয়ার বাপের বাড়ি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে এবং তিনি মো. কামালের মেয়ে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নুর উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়েছে পটিয়া থানা কর্তৃপক্ষ।
নিহতের মা মোর্শেদা বেগমের ভাষ্যমতে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়াকে শ্বশুরবাড়িতে নিয়মিত নির্যাতন করা হতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ও থানায় একাধিকবার সালিস বৈঠক হয়েছে। এক পর্যায়ে সমস্যার সমাধান হওয়ায় তানিয়া কয়েক মাস ধরে স্বামীসহ নিজ বাড়িতেই বসবাস করছিলেন। কিন্তু স্বামীর অনুরোধে রোববার একদিনের জন্য তানিয়াকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। রাত ১টার দিকেও মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হয় তানিয়ার এবং সে সময় তিনি সুস্থ ছিলেন বলে জানান।
মোর্শেদা বেগম অভিযোগ করেন, রাত ৪টার দিকে জামাতা নুর উদ্দিন ফোন করে জানান তানিয়া অসুস্থ এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। কিন্তু হাসপাতালে গিয়ে মেয়েকে না পেয়ে শ্বশুরবাড়িতে খোঁজ নিতে গিয়ে তারা তানিয়ার গলায় ও মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখতে পান। অন্যদিকে, তানিয়ার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, বিরিয়ানি খাওয়ার কারণে ফুড পয়জনিংয়ে তার মৃত্যু হয়েছে। আমরা তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসছি।
জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে গৃহবধূর স্বামীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

