শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল কাতার

বৈরুত সফরে গিয়ে লেবাননের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত সামরিক তৎপরতা এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। সফরকালে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে ইসরায়েলের ক্রমাগত উত্তেজনা সৃষ্টির বিষয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী জানান, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব পূর্ণ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই প্রস্তাবের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে সম্পাদিত সব চুক্তি ও সমন্বয় কার্যকর করার ওপরও জোর দিয়েছেন তিনি। আল থানি উল্লেখ করেন, আঞ্চলিক এই অস্থিতিশীলতা নিরসনে লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।

দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে কাতারের প্রধানমন্ত্রী জানান, এই সফরে লেবাননের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার নতুন পথ ও সম্ভাবনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এর পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক সংকটের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়েছে। বিশেষ করে লেবাননের জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে কাতার সহযোগিতার হাত বাড়িয়েছে, যা দেশটির সংকটময় মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপায় এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *