বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর শীর্ষকর্তাকে প্রধানমন্ত্রীর আহ্বান
জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাই। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন করে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর দীর্ঘদিনের আস্থাকে স্বাগত জানান। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণের প্রতিটি ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এর মধ্যে জমির সংস্থান, বিনিয়োগের অনুমোদন এবং যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণের বিষয়টিও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।
উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। এই চুক্তিটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। ইউনিক্লোর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।
বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এ সময় উপস্থিত ছিলেন।

