অফিস খরচের টাকায় চার হলে কম্পিউটার ও ফিল্টার দিলেন চাকসুর এজিএস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক নিজের কার্যালয় পরিচালনা ও আপ্যায়নের উদ্দেশ্যে পাওয়া সরকারি বরাদ্দের টাকা শিক্ষার্থীদের চিকিৎসাকাজে না লাগিয়ে তাদের সুবিধার্থে উপহারসামগ্রী কিনে দিয়েছেন। সোমবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
এর আগে গত শনিবার তিনি নিজে হলগুলোতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বরাদ্দের আড়াই লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, অতীশ দীপঙ্কর হল ও বিজয়-২৪ হলে নতুন কম্পিউটার সরবরাহ করা হয়। পাশাপাশি শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির কষ্ট দূর করতে ডাইনিংয়ে একটি আধুনিক মানের পানির ফিল্টার বসিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আইয়ুবুর রহমান তৌফিক জানান, চা-নাস্তা বা অফিস খরচের জন্য পাওয়া সাড়ে দুই লাখ টাকার একটি টাকাও তিনি ব্যক্তিগত বা নিজের দাপ্তরিক উদ্দেশ্যে খরচ করেননি। দায়িত্ব পালনের পুরো এক বছর যাবত যাতায়াত, অফিস পরিচালনা এবং আপ্যায়নসহ যাবতীয় ব্যয় তিনি নিজের পকেট থেকে বহন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ নিজের পেছনে ব্যয় করেননি বলে নিশ্চিত করেন।

