এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা, পিছিয়ে ৩১ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তনের নেপথ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ফলে ওইদিন সকালে প্রচলিত নিয়মে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মূলত এই জটিলতা এড়াতেই তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে গতকাল সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এবার ১১টি শিক্ষাবোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গত ২ জুলাই সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল, যা পরবর্তীতে ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে। স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হয়।

ফল পাওয়ার পদ্ধতি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। অনলাইনে educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের ফলাফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে DHA-এর স্থলে পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় নিজ রোল নম্বর লিখতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *