ট্রাকচালক হোসেন মৃত্যুর ঘটনা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকের চালক মো. হোসেনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। সোমবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, মামলার মোট ৩৪ জন আসামির মধ্যে ২২ জন শুরু থেকেই পলাতক রয়েছেন। এছাড়া কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে আদালতে হাজির করা হয়েছে। পাশাপাশি জামিনে থাকা দুই জন আসামি উপস্থিত ছিলেন। মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য একটি মামলায় কারাগারে থাকায় তাকে এদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি।
অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম এবং তরিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা তাদের মক্কেলদের অব্যাহতি দেওয়ার আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ এর কড়া বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক অভিযোগ গঠনের আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া তালিকায় আরও রয়েছেন আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া, পারভেজ, সুমন মিয়া, মিলন হোসেন, সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি এবং নাইমুল হাসান রাসেল।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি এই সহিংসতার শিকার হন। ওই ঘটনায় ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে এই ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

