ট্রাম্প |: পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থীর নাম
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী কে হবেন, তা নিয়ে দেশজুড়ে চলছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে নিজের উত্তরসূরি হিসেবে পছন্দের দুই প্রার্থীর নাম প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক সাক্ষাৎকারে তিনি জানান, রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ‘বেঞ্চ’ বা সম্ভাব্য প্রার্থীদের তালিকা বেশ শক্তিশালী, যা দলটিকে নির্বাচনে বড় কোনো সংকটে পড়তে দেবে না। তিনি বলেন, ‘আমার যা মনে হয় আমি তা বলতেই পারি। অর্থাৎ শক্তিশালী প্রার্থীরাই লড়াইয়ে আছেন। তাই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নিয়ে বড় একটা সমস্যায় পড়তে হবে না তার দলকে।
নিজের উত্তরসূরি হিসেবে ট্রাম্প সরাসরি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেছেন। তিনি বলেন, তার পক্ষে আগাম কোনো মন্তব্য করা কঠিন হলেও হাতে দারুণ কিছু নাম রয়েছে। ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানদের বেঞ্চ অনেক বেশি কার্যকর বলে দাবি করেন তিনি। জেডি ভ্যান্স ও মার্কো রুবিও ছাড়াও দলের কাছে আরও অনেক যোগ্য প্রার্থী আছে বলে জানান ট্রাম্প।
উল্লেখ্য, ট্রাম্পের বর্তমান শাসনামলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর হয়েছে। পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরান আক্রমণ করায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ২০২৮ সালের নির্বাচন রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

