আনোয়ারায় অটোরিকশার সিটে মিলল ৮৫ লাখ টাকার ইয়াবা
চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশার চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা জব্দ করেছে এসআরবি-৭। গত ২০ অক্টোবর সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।
এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)। এদের মধ্যে সাকিব পেশায় অটোরিকশা চালক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৭ জানায়, কক্সবাজার থেকে মাদককারবারিরা ইয়াবার বড় একটি চালান নিয়ে আনোয়ারা হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সরকারহাট এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
তল্লাশির এক পর্যায়ে সবুজ রঙের একটি নম্বরবিহীন অটোরিকশা চেকপোস্টে থামিয়ে চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে তারা সিটের নিচে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ অটোরিকশাসহ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

