পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
রোববার রাতে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ১১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ৫.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করা হয়। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রয়টার্স বলছে, শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল, তবে পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ নিশ্চিত করেছে। অন্যদিকে, পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলেও এর তীব্রতা টের পাওয়া গেছে।
ভূমিকম্পের ফলে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্যও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর না মেলায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

